উজিরপুরে কৃষক দলের কমিটি ঘোষণা দিলো উপজেলা বিএনপি, এখতিয়ার নিয়ে প্রশ্ন
November 26 2026, 22:00
নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন নিয়ে নতুন করে সাংগঠনিক বিরোধ দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে একই নামে পৃথক দুটি আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। একটি কমিটি ঘোষণা করেছে বরিশাল জেলা দক্ষিণ কৃষক দল, অন্যটি প্রকাশ করেছে উজিরপুর উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা। দুটি কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভিন্ন ব্যক্তিরা। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপি কমিটি ঘোষণাকরায় সাংগঠনিক এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে।
তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বরিশাল জেলা দক্ষিণের প্যাডে উজিরপুর উপজেলা কৃষক দলের পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে মো. আক্তার হোসেন নয়নকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সিনিয়র সহসভাপতি এবং মো. দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির তালিকায় স্বাক্ষর করেন জেলা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক এইচ. এম. মোহসিন আলম ও সদস্য সচিব শফিকুল আলম সফরুল।
এর মাত্র ১০ দিন পর, গত ২৪ নভেম্বর উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ (সান্টু) ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরে উপজেলা কৃষক দলের নয় সদস্যের আরেকটি আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে মো. ফয়জুল হক রাড়ীকে সভাপতি, মো. জাকির হোসেন মনিরকে সিনিয়র সহসভাপতি এবং মো. আনোয়ার হোসেন ঘরামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
একই উপজেলা শাখার জন্য দুটি পৃথক কমিটি প্রকাশের ঘটনায় কোনটি সাংগঠনিকভাবে অনুমোদিত, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃষক দলের কমিটি প্রকাশের এখতিয়ার নিয়ে আপত্তি তুলেছেন জেলা পর্যায়ের নেতারা।
উপজেলা বিএনপি কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ বা সুপারিশ করতে পারলেও কৃষক দলের সাংগঠনিক কাঠামো অনুযায়ী আনুষ্ঠানিক কমিটি ঘোষণার দায়িত্ব জেলা কৃষক দলের। ফলে উপজেলা বিএনপির দুই নেতার স্বাক্ষরে প্রকাশিত নয় সদস্যের কমিটির সাংগঠনিক বৈধতা ও অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে।
জেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল আলম সফরুল বলেন, উপজেলা কৃষক দলের কমিটি গঠন ও অনুমোদনের এখতিয়ার জেলা কমিটির। দলের মধ্যে কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি এ ধরনের কাজ করছে। এর কোনো সাংগঠনিক ভিত্তি নেই। এছাড়া আমরা যে কমিটি দিয়েছি তাতে সাবেক ছাত্রদল যুবদলসহ একাধিক কর্মী রয়েছে। স্থানীয় এমপি দলের অঙ্গসংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যকলাপ না করে সেজন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, উপজেলা বিএনপির পরামর্শ বা সুপারিশের ভিত্তিতে জেলা কৃষক দল উপজেলা কমিটি ঘোষণা করতে পারে। তবে উপজেলা বিএনপি দাপ্তরিক বা সাংগঠনিকভাবে উপজেলা কৃষক দলের কমিটি ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখে না।
দুটি পৃথক কমিটি প্রকাশের পর উজিরপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম কোন কমিটির নেতৃত্বে পরিচালিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বিরোধ নিরসনে জেলা ও কেন্দ্রীয় কৃষক দলের হস্তক্ষেপ এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।









































