নগর ভবন ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ
January 26 2025, 18:58
স্টাফ রিপোর্টার !! বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ ৩ দফা দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রবিবার (২৬ জানুয়ারি) বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
সিটি করপোরেশনের দুই গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে বিসিসির কোনো কর্মকর্তা ভেতর থেকে বের হতে পারেননি।
আবার বাইরে থেকে কেউ সেবা নিতে নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, ৩ দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়ে বরিশাল সিটি করপোরেশনের শ্রমিকরা জানান, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে ১ জানুয়ারি ১৬০ শ্রমিককে ছাঁটাই করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশন থেকে ছাটাই ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, কোনো শ্রমিককে ছাঁটাই করা চলবে না, বরিশাল সিটি করপোরেশনে কর্মরত সব শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ, সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক এবং বেতনবৈষম্য নিরসন এবং প্রাপ্য সব ভাতা পরিশোধের দাবি করেন তারা।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি নিয়ম মেনেই এদের ছাঁটাই করা হয়েছে। আন্দোলনরতদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। তাদের বলা হয়েছে, ‘লিখিত দিতে সেটি মন্ত্রণালয়ে পাঠাব কিন্তু তারা আমাদের লিখিত বা মৌখিক কিছু জানায়নি।’










































