দশমিনায় তিন জেলে জেলহাজতে
May 10 2025, 19:30
দশমিনা প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলায় আজ শনিবার বিকেলে তিন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। নদ-নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘূর্ণী গ্রামের মিজানুর রহমান (৪৬), সাইফুল ইসলাম (২৪) ও মনির ফরাজি (৪২)।
আজ শনিবার তেঁতুলিয়া নদী ও বুড়াগৌরঙ্গ নদে অভিযান চালায় নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় এই তিন জেলেকে আটক করা হয়।
দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। মৎস্য আইনে তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস বলেন, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদে অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। নদ থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। তাঁদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা।










































