উজিরপুরে ছেলের হাতে বাবা, বাকেরগঞ্জে বাবা-মা’র হাতে ছেলে খুন হয়

বরিশালে ৭২ ঘন্টায় মাদককান্ডে দুই খুন : ধ্বংসের পথে যুব সমাজ

July 31 2025, 09:49

মাদকাসক্তির কারণে উজিরপুরে ছেলে শিমুল খানের হাতে বাবা, বাকেরগঞ্জে বাবা-মা’র হাতে ছেলে হাসান গাজী খুন হয়

১০

ফাহিম ফিরোজ, বরিশাল ॥ বরিশালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মাদকের ভয়াবহতা। এর ফলে বাড়ছে মাদকাসক্তির সংখ্যাও। আর মাদকের ব্যবহার রোধে নেই তেমন কোন আপাতদৃষ্ট পদক্ষেপ। ফলে ধ্বংসের দিকে দাবিত হচ্ছে যুবসমাজ। গত ৭২ ঘন্টায় বরিশালে মাদকাসক্তির কারণে দুই জন খুন হয়েছেন। অবাক করার বিষয় হলো বাবার হাত ছেলে খুন, আবার ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এরা দুজনই স্বজনের দ্বারা খুন হয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে বরিশালের উজিরপুরে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে ছেলে। গত রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ফারুক মৃধা জানান, নিহত শাহ আলম খান (৬৭) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তার ছেলে শিমুল খান (২৮) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। শিমুল তার বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। না দিয়ে রাগারাগি করে বাবা তাকে ঘর থেকে বেড়িয়ে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছেলে বাবাকে জরুরি কিছু বলার কথা বলে ঘরের বাইরে ডাকে। তিনি ঘর থেকে বের হয়ে সামনের পাকা রাস্তার মাথায় আসার সঙ্গে সঙ্গে শিমুল তার গলায় ছুরি বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম খানের মৃত্যু ঘটে। স্থানীয়রা শিমুলকে ঘটনাস্থলের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে।

অপরদিকে বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলে হাসান গাজীকে পিটিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকাল সাড়ে ৪টার দিকে হাসানের (১৮) বাবা আবু জাফর গাজী ও মা নাজমা বেগম থানায় গিয়ে জানান, তাদের ছেলে দীর্ঘদিন ধরে মাদকসেবী। প্রায়ই মাদকের টাকার জন্য তাদের মারধর করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় হাসান মারা যায়। হাসানের মা নাজমা বেগম বলেন, আমার স্বামী মাছের ব্যবসা করেন। সেই আয়ের টাকা থেকেই হাসান মাদক কিনত। মঙ্গলবার সে টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে সে মারা যায়। সবকিছু আমার চোখের সামনেই ঘটে। পরে আমরা নিজেরাই থানায় গিয়ে জানাই। হাসানের বাবা আবু জাফর গাজী বলেন, নেশার টাকার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করত হাসান। সেদিনও বাধা দিলে আমাকে মারতে উদ্যত হয়। তখন ধস্তাধস্তির মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, খুন, ধর্ষণসহ গুরত্বর অপরাধ সংগঠিত হচ্ছে মাদকাসক্তির কারণে। বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে গত বছর মাদক সংক্রান্ত মামলা হয়েছে ৭০ টি। কিন্তু এক বছরের ব্যবধানে ১৫০ এর উপরে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করার কারণে গত জুন মাসে বরিশালে ১১৮টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ২৪ সালের জুন মাসে হয়েছিল মাত্র ৬৪ টি মামলা।

চিকিৎসকদের মতে, একজন ব্যক্তি মাদকদ্রব্য সেবন বা ব্যবহার করার পর তৃপ্তি লাভের আকাঙ্খায় ক্রমশই মাদক ব্যবহারের মাত্রা বৃদ্ধি করে। একপর্যায়ে তার শরীরের ধীরে ধীরে সহনশীলতা বৃদ্ধি পায়। এরফলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পরে। এ সময় সঠিক চিকিৎসা পেলে ওই ব্যক্তি মাদক মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারে।

বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন, ‘’এটা সত্য যে মাদকাসক্তির কারণেই সমাজের অধিকাংশ অপরাধ সংঘটিত হয়। আমরা মাদকাসক্তের ভয়াবহতা নিয়ে স্কুল কলেজের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেই। পাশাপাশি বাবা মায়ের উচিত আপনার সন্তান কোথায় যায় ? কি করে ? সে বিষয়গুলো খেয়াল রাখা। তিনি আরও বলোন, শুধু প্রশাসনের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের ভয়াবহতা রোধে সবাই সচেতন হতে হবে।’’