হিজলায় যৌথ অভিযানে অবৈধ জাল ও খুঁটি জব্দ, জরিমানা

August 25 2025, 20:35

১০

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় মেঘনা শাখা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি হিজলার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও খুঁটি জব্দ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকালে মৌলভীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ বান্ডেল নতুন বের জাল (নেট জাল) ও ৬৫০টি চর ঘেরা জালের খুঁটি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জাল ও খুঁটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসময় আটক ৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং নৌ পুলিশ ফাঁড়ি হিজলার অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে নদী দখল ও মাছ নিধনের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।