স্টাফ রিপোর্টার : হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে র্যাব-৮ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র্যাব জানায়, দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। তাদের এই ধারাবাহিক অভিযানের ফলে জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
এরই অংশ হিসেবে র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর রাত ৮ টা ৩৭ মিনিটে র্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুজ্জামান আলম গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান পিরোজপুরের মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান চলমান থাকবে।