স্টাফ রিপোর্টার : বরিশালে জেলে নারীদের সরকারি সেবার আওতায় আনা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “কোন মৎস্যজীবীকে বাদ দেওয়া হবে না: ডিএসএস সহায়তা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করুন” শীর্ষক এ সভাটি সোমবার বরিশাল সমাজসেবা অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার। রিপোর্ট একাত্তর ডটকমের হেড অব করেসপন্ডেন্ট সাইদুর রহমান পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাত পারভেজ এবং সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান।
প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস স্বাগত বক্তব্যে জানান—জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত জেলে নারীরা নদীতে মাছ ধরাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তারা বলেন, মৌসুমি নিষেধাজ্ঞা, নদী ভাঙন, ঝড়–বৃষ্টি তাদের জীবিকাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। তাই তারা ভিজিএফ/ভিজিডি, বিধবা ভাতা, দুর্যোগ ত্রাণসহ সরকারি সুবিধা পাওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগের দাবি করেন।
এসময় চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির মোহাম্মদ আলী জীবন, শামিয়া আলী, রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ট গৌরব কর্মকার, সামাজিক উন্নয়ন সংস্থার অ্যাডভোকেসি স্পেশালিস্ট মো. সাহফুর বকতিয়ার, প্রকল্প ফিল্ড ফ্যাসিলিটেটর নিপা রানী ও আসমানি পারভিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলে নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল–১৯ এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রকল্পটিতে অর্থায়ন করছে।