স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম ওরফে খোকনকে (৩৫) ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর একটি অভিযানিক দল। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় র‍্যাব-৮ ও র‍্যাব-১ এর যৌথ টিম রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার হওয়া জহিরুল ইসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা গ্রামের বাসিন্দা হাকিম আলী মৃধার ছেলে।

র‍্যাব জানায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারার মামলায় কাফরুল থানার মামলা নং– ২৯(০৯)১০ এবং জিআর নং– ৫৬৮/১০ এ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, নিয়মিত গ্রেফতারি অভিযান, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারের ধারাবাহিক অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।