নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ছে। ২০১৩ সালের তুলনায় জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৬১ দশমিক ২৭ শতাংশ। বর্তমানে বরিশালে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন এবং ‘বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান। সভাপতিত্ব করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, বরিশালের যুগ্মপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান। প্রবন্ধে বরিশাল জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এবং এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। ২০১৩ সালের তুলনায় এ সংখ্যা ৬১ দশমিক ২৭ শতাংশ বেশি। এসব অর্থনৈতিক ইউনিটে মোট ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন কর্মরত রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, তথ্য ও উপাত্তভিত্তিক পরিকল্পনা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বরিশাল অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে অর্থনৈতিক শুমারির তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ উপমা ফারিসা, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।