নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ডেন্টাল ইউনিট সংলগ্ন প্রস্তাবিত ডেঙ্গু কর্নারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাসপাতালের স্টাফ, রোগী ও স্বজনদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, প্রস্তাবিত ডেঙ্গু কর্নার ওয়ার্ডের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে রোগী ও তাদের স্বজনরা অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে জ্বালানো মশার কয়েল থেকে ম্যাট্রেসে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য, রোগী ও স্বজনরা অগ্নিনির্বাপক যন্ত্র (গ্যাস) ও পানি ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে ধোঁয়া বের করার জন্য কক্ষের জানালাগুলো খুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন নিউজ বরিশালকে জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিস আসার আগেই হাসপাতাল স্টাফ ও উপস্থিত সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।