উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত সরদার (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। আহত রাহাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকেও ধাওয়া করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ইচলাদী থেকে গৌরনদীর জয়শ্রী পর্যন্ত যানবাহনের বেপরোয়া গতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

তাঁরা যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সোহানুর রহমান সেতু এবং উজিরপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম। তাঁদের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।