নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া এবং পরীক্ষার হলে একে অপরের খাতা দেখে লেখার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকদের কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ পক্ষপাতের অভিযোগও করেছেন অভিভাবকরা।
এ ঘটনায় সংশ্লিষ্ট দিনগুলোর সিসিটিভি ফুটেজ যাচাই করে অভিযোগের সত্যতা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। অভিভাবক জাহিদের অভিযোগ, গত ১৯, ২২ ও ২৪ নভেম্বর পঞ্চম শ্রেণির দিবা শাখার পরীক্ষায় রোল নম্বর ৫, ৬ ও ৭-এর তিন শিক্ষার্থী একসঙ্গে বসে পরস্পরের খাতা দেখে লিখেছে। এ কাজে নাদিরা নামের এক শিক্ষকের সহযোগিতা ছিল বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, ওই শিক্ষক দুই দিন পরীক্ষার হলে দায়িত্ব পালন করেছেন। জাহিদ বলেন, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বলকে জানালে তিনি অভিযুক্ত শিক্ষার্থীদের আলাদা বসানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী পরীক্ষাতেও তাদের আলাদা না বসিয়ে একইভাবে খাতা দেখে লেখার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকও বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন।
তাঁদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের বিশেষ সাজেশন দেওয়া হয়। এমনকি পরীক্ষার হলে গিয়েও তাঁদের সঙ্গে আলাদাভাবে কথা বলার ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়া শিক্ষার্থীরা এ ধরনের আচরণ দেখে হতাশ হচ্ছে এবং তাদের মনোবল হারাচ্ছে। এতে পরীক্ষায় সবার জন্য সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তাঁরা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিভাবক জাহিদের দাবি, সংশ্লিষ্ট ১৯, ২২ ও ২৪ নভেম্বরের পরীক্ষার সিসিটিভি ফুটেজ যাচাই করলেই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, “বিষয়টি আমি জানতে পেরেছি।
আমি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখব।” অন্যদিকে অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বল বলেন, সংশ্লিষ্ট শিক্ষককে পরবর্তী সময়ে পরীক্ষার হল পরিদর্শক বা ডিউটির দায়িত্ব দেওয়া হয়নি। ওই কক্ষের ওপরও কঠোর নজরদারি রাখা হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগকারী অভিভাবককে বিদ্যালয়ে এসে বিষয়টি স্বচক্ষে সিসিটিভি ফুটেজ দেখার জন্য বলা হয়েছে।