নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও নানা বাঁধা বিপত্তিতে পিছিয়ে যাচ্ছে বরিশালের বস্তিতে বেড়ে ওঠা শিশুরা। আর্থিক অসচ্ছলতা, সামাজিক বৈষম্য আর নানামুখী বাঁধায় তাদের শিক্ষা জীবন থমকে যায় মাঝ পথে। এমন বাস্তবতায় এসব শিশুদের ঝরে পড়া ঠেকাতে এগিয়ে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ-তরুণী। আর এ সকল শিশুদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে পাশে থাকার কথা জানিয়েছেন জেলা সমাজ সেবা কর্মকর্তা।
বরিশাল নগরীর স্টেডিয়াম কলোনী। যেটি বরিশালের কীর্ত্তনখোলা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠেছে। এখানে একটি সরকারি প্রার্থমিক বিদ্যালয় থাকলেও সব শিক্ষার্থী যাচ্ছে না স্কুলে। অনেকের লেখাপড়ার মানসিকতা থাকলেও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যেতে হচ্ছে কাজে। ফলে এখানকার বেশিরভাগ শিশুই শিক্ষা জীবন থেকে পিছিয়ে যাচ্ছে।
এ সকল শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক দল তরুণ-তরুণী সাপ্তাহিক পাঠদান কর্মসূচি চালু করেছে। শিক্ষার্থী হয়েও শিশু শিক্ষার্থীদের ফেরিওয়ালা হয়ে কাজ করছেন তারা। অর্ধশতাধিক শিশুকে নিয়মিত পাঠদান করাছেন তারা। এখানে শুধু পাঠ্য বইয়ের মধ্যে এই পাঠদান সীমাবদ্ধ নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী ও আনন্দময় করতে শেখানো হয় গান, কবিতা ও গল্প। সপ্তাহের শুক্র ও শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্ত্তন খোলা নদীর পাড়ে চলে এই ব্যতিক্রমী পাঠদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের এসব তরুণ-তরুণী শিক্ষার্থীরা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেষ্টা করছেন।
এ বিষয়ে পদাতিক সামাজিক সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ভূমিকা সরকার বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ঠিক করলাম যে বাচ্চাদের জন্য কিছু করা যায় কি-না। আমরা খুঁজতে শুরু করি বরিশাল শহরের কোন কোন জায়গায় শিশুরা পড়াশোনা করতে পারছে না। এখানে এমন সব শিক্ষার্থী রয়েছে যাদের বয়স হয়েছে অথচ তারা নূন্যতম শিক্ষা টুকু জানে না। আমরা তাদেরকে শিক্ষার আওতায় আনার চেষ্টা করছি।
এ সকল শিক্ষার্থীদের শিক্ষা দিতে পরে খুশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা বলছেন, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ। পাশাপাশি শিশুদের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান তারা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এখানকার বাচ্চারা সুবিধা বঞ্চিত, দারিদ্রতার কারণে হোক বা পরিস্থিতির কারণেই হোক, ওদের যে শিক্ষা পাওয়ার কথা তা ওরা এখনো পায়নি। খুব সামান্য বিষয়গুলো ওরা পারছে না, যে জিনিস গুলো দেখা যায় শহরের শিশুরা অনেক এগিয়ে কিন্তু ওরা তার চেয়ে পিছিয়ে রয়েছে। আমরা মাঝেমধ্যে এসে দেখি ওদের কলম খাতা কিছুই নেই।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার সেতু বলেন, আমরা ত্রিশ গোডাউনের দর্শনীয় স্থান হিসেবে ঘুরতে আসতাম। আমরা তখন দেখেছি এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তবে মৌলিক শিক্ষা পাচ্ছে না। আমরা দেখেছি এরা অধিকার বঞ্চিত। আমরা প্রথম পর্যায়ে ২০ থেকে ২৫ জন নিয়ে পড়ানো শুরু করি। ওরা পড়ার বিষয়ে খুবই আগ্রহী, কিছু কিছু ক্ষেত্রে এদের মেধা অনেক ভালো। আমরা দেখেছি এখানকার বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না। অন্ততপক্ষে এদের যদি প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করা যায় তাহলে ভালো হতো।
স্টেডিয়াম কলোনির শিশু থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত পড়া শিক্ষার্থীরা কীর্তনখোলার পাড়ের এখানে পড়তে আসছে। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের এ সকল শিক্ষার্থীরা তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করায়। বাইরে টাকা দিয়ে কোচিং করতে না পারলেও এখানে দুই দিনের ক্লাসে তারা অনেক কিছু শিখতে পারছে। এখানে পড়েই দু’জন শিক্ষার্থী দিয়েছেন এসএসসি পরীক্ষা।
এ বিষয়ে অভিভাবক দেলোয়ারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আমাদের গরীবের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে। আমাদের সামর্থ্য না থাকায় আমরা পড়াশোনা করাতে পারছি না। রাস্তার ওপরে বসে পড়ার কারণে একটু সমস্যা হয়, তাই আমরাও দাবি করছি এদের যেন একটি ভাল জায়গার ব্যবস্থা করে দেয়া হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজসেবা কর্মকর্তা। দরিদ্র শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন তিনি। জেলা প্রশাসন ও সমাজসেবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক।
এ বিষয়ে বরিশাল সমাজ সেবার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বলেন, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই কারণ, তারা শিক্ষার্থী হয়েও অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনা করাচ্ছে। আমি নিজে ইতোমধ্যে তাদের এই পাঠদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছি। যারা এখনো পড়াশোনা করার জন্য স্কুল ড্রেস কিনতে পারছে না, বই খাতা কিনতে পারছে না,তাদের ব্যাপারে আমি জেলা প্রশাসক এবং সমাজসেবা বিভাগের উপ পরিচালকের সাথে আলাপ করে উদ্যোগ নেব।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ফেরিওয়ালা এই শিক্ষার্থীরা মনে করেন সুন্দর একটি জাতি গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শুধু স্টেডিয়াম কলোনি নয় বরিশালের সকল সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে সবাই এমনটাই প্রত্যাশা তাদের। বাসস