নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই একটি প্রকল্পের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই এলাকার মাহতাব হোসেন এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তারা লেবুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পটুয়াখালী ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।