কাউখালী প্রতিনিধি : ধর্ম যার যার, দেশ সবার ; এই দেশ মুসলমান হিন্দু সহ সব ধর্মের মানুষের মাতৃভূমি। আমার বাপ দাদারা যুদ্ধে সম্মুখ সারীতে থেকে যেমনি যুদ্ধ করে এই দেস স্বাধীন করেছেন, তেমনি আপনারা অনেকে যুদ্ধের সম্মুখ সারিতে থেকে এ দেশটা স্বাধীন করেছেন। তাই এ দেশটা সবার।
পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘের মহা উৎসবের সমাপনীতে এসব কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর -২ আসন এর সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় কাউখালীস্থ শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ১৩৫তম আবির্ভাব উৎসব ও রাস মেলার সমাপনী মহোৎসব অনুষ্ঠিত হয়।
৫দিনের এই রাস উৎসবে দেশ-বিদেশে থেকে কয়েক লাখ পুন্যার্থীর সমাগম হয়েছে। রবিবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবছর অনুষ্ঠানের সমাপ্তি হয়। তবে এই রাস উৎসবের মেলা চলবে মাস ব্যাপী। অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়টি তুলে ধরেন এবং কাউখালীতে একটি ‘মডেল মন্দির’ নির্মাণের জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আশ্রম কর্তৃপক্ষের দাবি গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, দেশটা আমাদের সবার এবং সবাইকে মিলেমিশে একে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বর্তমানে এই মেলাতে ঘিরে কাউখালীতে উৎসবের আমেজ বিরাজ করছে।