ববি প্রতিনিধি : শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘স্টুডেন্ট ব্যাংকিং ফেয়ার ২০২৬’। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই মেলা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখা প্রধান মুহম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রাহাত হোসাইন ফয়সাল এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. সরোয়ার হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বরিশাল জোনের এসপিও আব্দুল্লাহ আল মামুন, বরিশাল শাখার এসপিও সৈয়দ মোঃ জাকির হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয় উপশাখার এসপিও ও ইনচার্জ এটিএম সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ (সেলফিন) ব্যবহারসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা ও বিশেষ সুবিধাসমূহ তুলে ধরা হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ক্যাম্পাসে এই মেলা চলবে।