পিরোজপুর প্রতিনিধি : উদ্বেগজনক হারে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে বিড়াল এবং কুকুরে কামড়ানো রোগীরা। পাঁচ মাসে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৬ থেকে ৭ হাজার রোগী। এদিকে, গত ৬ মাস ধরে হাসপাতালে র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। জলাতঙ্কের ভ্যাকসিন চেয়ে কয়েকবার স্বাস্থ্য অধিদফতরে জানানো হলেও কোনো ফলাফল মেলেনি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা।
জেলার ৭ উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিদিন কুকুর ও বিড়ালের কামড়ে আহত রোগী চিকিৎসা সেবা নিতে আসেন পিরোজপুর জেলা হাসপাতালে। তবে প্রায় ৬ মাস ধরে সরকারিভাবে র্যাবিক্স ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছে না স্বাস্থ্য অধিদফতরের (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) সিডিসি বিভাগ। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। দ্রুত এর সমাধান চান ভুক্তভোগীরা।
জানা গেছে, কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। হাসপাতালে কুকুর এবং বিড়ালের কামড়ের ভ্যাকসিন সরবরাহ না থাকায় সেবা নিতে আসা রোগীরা ৪ জন মিলে বাইরের ফার্মেসি থেকে ৫২০ টাকা দিয়ে কিনতে হয় ভ্যাকসিন। এভাবেই সেবা নিতে হচ্ছে হাসপাতালে আসা আহত রোগীদের।
সদর উপজেলার নামাজপুর গ্রামের বাসিন্দা জেসমিন বেগম জানান, তার চার বছরের মেয়ে ঘরে বসে খেলা করতেছিল। ঈদের পরের দিন বিড়ালের কামড়ে আহত হয়। জেলা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। কিন্তু ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসক বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে বলে। কিন্তু একটি ভ্যাকসিনে চারটি ডোজ থাকে । ভাঙার পর বেশি সময় সংরক্ষণ করা যায় না। তাই চারজনে মিলে একটি ভ্যাকসিন দিতে হয়। জেলা হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চারজন বিড়াল অথবা কুকুরের কামড়ে আক্রান্ত মানুষ সংগ্রহ করে এরপরে বাচ্চার ভ্যাকসিন দিতে সক্ষম হয়। তাতে তার সময় এবং অর্থ খরচের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়। এভাবে প্রতিনিয়ত হাসপাতালে চিকিৎসা নিতে এলে সবারই একই রকমের ভোগান্তি হয়।
রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান জানান, সাধ্যের মধ্যে সেবার সর্বোচ্চটুকু দিচ্ছেন তারা। চাহিদা অনুযায়ী র্যাবিক্স ভ্যাকসিনের সরবরাহ দিতে পারছে না (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) সিডিসি। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
গত পাঁচ মাসে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৬ থেকে ৭ হাজার রোগী। জলাতঙ্কে গত দুবছরে জেলায় মারা গেছে ৩ জন।