ভোলা প্রতিনিধি : ভোলায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভোলা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন থানায় এ জিডি করেন। ডায়েরিতে কারো নাম উল্লেখ করা হয়নি।

জিডিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ভোলা গণপূর্ত বিভাগের অধীনে জেলা প্রশাসকের বাসভবনের উত্তর-পূর্বাংশ থেকে জেলা রেকর্ড রুমের পেছন পর্যন্ত একটি সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কাজটি সরকারি বিধি-বিধান ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত হয়ে নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। প্রায় এক মাসব্যাপী কাজ চলার সময় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সরকারি দফতরের পক্ষ থেকে কোনো আপত্তি বা বিরোধ উত্থাপিত হয়নি।

জিডিতে আরও উল্লেখ করা হয়, উক্ত জায়গাটি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পরিত্যক্ত থাকায় রাতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত। এতে জেলা রেকর্ড রুম এবং জেলা প্রশাসকের বাংলোর নিরাপত্তা বিঘ্নিত হতো। এসব বিবেচনায় সরকারি স্থাপনা ও সম্পত্তির নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার কে বা কারা কোনো ধরনের পূর্ব নোটিশ, বৈঠক বা অবহিতকরণ ছাড়া হঠাৎ করে বলপ্রয়োগে সীমানা প্রাচীরের একটি অংশ কলামসহ ভেঙে ফেলে। এতে সরকারি স্থাপনার কাঠামোগত ক্ষতি হয় এবং আবারও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন জানান, তিনি একটি সরকারি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। দুপুরে খবর পান, কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের পেছনে নবনির্মিত সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেও তিনি ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত হতে পারেননি। তাই জেলা প্রশাসকের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’