স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান  কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল (৩৬) বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

শেবাচিম হাসপাতালে সুষ্ঠু কর্ম পরিবেশের দাবীতে ১৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের মাঝের গেটের সামনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অধ্যক্ষ, পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন কর্মসূচীতে দাঁড়ান।

এসময় মহিউদ্দিন রনি (৩০), রাকিন (২৫), সুনান (২৪), সিফাত (২৩), শামিম (২৫), আল মুসা (২৬), সিফা (২২), দাইয়ান (২১), কাফি (৩০), এইচ এম আবুল খায়ের (৫০), নুরুন নাহার (৪০), মোঃ সিয়াম ওরফে নেয়া ভাই (৩৮) সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামী চাপাতি, লোহার এসএস পাইপ, হকিস্টিক, লাঠি-সোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক মোঃ পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা, লিফটম্যান শাকিল গুরুতর আহত হন।

আসামীদের এলোপাথারী মারপিটে মানবন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকৃত মহিলা নার্স, মহিলা আয়াদের শ্লীলতাহানী ঘটায়। এ সময় পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামীর এখন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, অভিযোগ দেয়ার কথা রয়েছে। আমি অফিসের বাহিরে রয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।