মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় মেঘনা নদী ও সংলগ্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে ৫ জন জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিনভর উপজেলা জুড়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড হিজলা স্টেশন এবং নৌ পুলিশ ফাঁড়ি হিজলা।
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও বাংলাদেশ কোস্টগার্ড হিজলা স্টেশনের সিসি সাইফুল ইসলাম।
অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে কিছু জেলে নৌকা ও ট্রলার নিয়ে সংলগ্ন খালে অবস্থান নেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয় এবং জালসহ জব্দ করা হয়।
পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপ্রাপ্তবয়স্ক ১ জনকে তার অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে অবৈধভাবে ইলিশ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।