স্টাফ রিপোর্টার : এখন থেকে বরিশাল নগরীর টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। নগরীর ৩০টি ওয়ার্ডে টিসিবির কার্যক্রম সরাসরি তদারকি করবেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এর আগে টিসিবির বরিশাল আঞ্চলিক অফিস থেকেই এ কার্যক্রম পরিচালিত হতো। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা, পণ্য বিতরণে স্বচ্ছতা ও জনগণের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এবার দায়িত্বটি জেলা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ওয়ার্ডে টিসিবির কার্যক্রম নিয়মিত পরিদর্শন করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইভাবে জেলার প্রতিটি উপজেলায়ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তদারকি করা হবে।

টিসিবির বরিশাল অফিস সূত্র জানায়, চলতি মাসে টিসিবির নির্ধারিত প্যাকেজে ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এসব পণ্য মাত্র ৫৪০ টাকায় সংগ্রহ করতে পারবেন। নগরীর ৩০টি ওয়ার্ডে ৯৪ জন ডিলার এবং জেলার বিভিন্ন ইউনিয়নে ৯০ জন ডিলার এর মাধ্যমে পণ্য বিতরণ করা হবে।

এ বিষয়ে টিসিবির বরিশাল অফিস প্রধান শতদল মণ্ডল বলেন, “টিসিবির কার্যক্রম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকায় এবার আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগণের কাছে পণ্য যেন ন্যায্য মূল্যে ও নির্ধারিত সময়ে পৌঁছায়, সে বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করছি।”