ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার সাওড়াকাঠিতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে মোঃ সাইফুল আলম গিয়াস (৭০) নামের এক আইনজীবীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের বিরুদ্ধে (এম.পি মোকদ্দমা নং–১৬০/২০২৫) মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে বিচারক সকল আসামীর বিরুদ্ধে সমন ইস্যু জারির নির্দেশ দিয়েছেন।

বাদী অ্যাডভোকেট সাইফুল আলম গিয়াস অভিযোগ করেন, স্থানীয় ইব্রাহিম (২৮), রায়হান (২০), রফিকুল হাং (৫২), আবদুল শরীফ (৫৩)সহ আরও চার–পাঁচজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা করছে। মূল বিরোধীয় জমিটি নিয়ে ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং ২৩৫/১৮ বিচারাধীন। ওই মামলায় আদালতের স্থিতি বজায় রাখার নির্দেশনা বলবৎ থাকায় মূল বিবাদীরা সরাসরি উপস্থিত হন না; বরং “ভাড়া করা সন্ত্রাসী”দের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে দাবি করেন বাদী।

তিনি বলেন, গত ৭ নভেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে জুম্মার নামাজের পর তিনি জমির পাশের রাস্তায় গেলে বিবাদীরা লাঠি, সাপল ও বাঁশসহ ভয়ংকর অস্ত্রে সজ্জিত হয়ে তাকে ঘিরে ধরে।

তারা জানতে চায়—তিনি জমির কাছে কেন এসেছেন। বাদী উত্তরে বলেন—“আমার পৈত্রিক জমিতে আমি আসব না, কে আসবে?”।

অভিযোগ অনুযায়ী, এসময় বিবাদীরা তাকে দলিলপত্র সঙ্গে না আনলে হত্যা করার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা সরে যায়। যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দিয়ে বলে—“এই জমিতে আবার আসলে খুন করে লাশ পুঁতে ফেলব। জমি আমরা চাষ করব, তুমি করলে ফসল কেটে নেব।”

অ্যাডভোকেট সাইফুল আলম গিয়াস আদালতে জানিয়েছেন, বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী, দাঙ্গাবাজ ও আইন–অমান্যকারী প্রকৃতির। যেকোনো সময় তাকে খুন বা জখম করে জমি দখল করে নিতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ ঘটনায় বিচার চেয়ে গত ১২ নভেম্বর আদালতে মামলাটি দায়ের করেন পাঞ্জাবি সাইফুল আলম গিয়াস।

মামলা দায়েরের পর সাইফুল আলম গিয়াসের পরিবারকে বিভিন্নভাবে খুন জখমের হুমকি দিচ্ছেন আসামিরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।