পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক বাজারের ভাই ভাই ওয়াকসপ নামে একটি কৃষি যন্ত্রপাতির দোকানে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২২ থেকে ২৫ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাতে ওই দোকানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে সিকদার মল্লিক বাজারের ভাই ভাই ওয়াকসপ নামে ওই মূল্যবান কৃষি যন্ত্রপাতির দোকানে দুর্বৃত্তরা আগুন দিলে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক মো: মাসুম সিকদার বলেন, তিনদিন আগে আমার দোকানে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করছিল, তার জন্য গত রাত তিনটা পর্যন্ত দোকান পাহারা দিয়ে বাসায় গিয়েছি। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে ডাকচিৎকারের শব্দ পেলে গিয়ে দেখি দোকানটি আগুনে পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করছিল, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে জানা যায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অগ্নিকাণ্ডের ঘটনার স্থান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা পরিদর্শন করেন এবং ওই দোকান মালিককে সাহায্য করার কথা বলেন।