কাউনিয়ায় রাতের আঁধারে প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ

March 17 2025, 21:38

৬

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরের কাউনিয়ায় প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সিটি কর্পোরশন নির্মাণ কাজ বন্ধ করে দিলেও রাতের আঁধারে ভবন নির্মাণের কাজ করছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পার্শ্ববর্তী জমির মালিক প্রদীপ হালদার।

গত ৯ মার্চ দেয়া অভিযোগ তিনি উল্লেখ করেন, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন জে এল নং ৪৭, কাউনিয়া মৌজার এসএ ২৪৯ নং খতিয়ানের এস এ ৮৭৪/৮৭৫ নম্বর দাগের অধিগ্রহনকৃত জায়গার পশ্চিম পার্শ্বে প্রদীপ হালদারের বসত ঘর। ওই সরকারি সম্পত্তিতে বিবাদী জন ঘরামী অবৈধ ভাবে প্লান বহির্ভূত ভবন নির্মানের কাজ করে। সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূত ভবন নির্মাণে বাধা দিলে জন ঘরামী হুমকি-ধমকি দেয়।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনে অভিযোগ দিলে বিসিসির রোড ইন্সপেক্টরকে সাজ্জাদ হোসেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে নির্মাণ কাজ বন্ধ করলেও রাতের আঁধারে পুরোদমে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন জন ঘরামী।

পার্শ্ববর্তী জমির মালিক প্রদীপ হালদার বলেন, অবৈধভাবে প্লান বহির্ভূত ভবন নির্মাণে বাধা দিলে নানা ধরনের হুমকি দেয় জন ঘরামী। দিনে নির্মাণ কাজ বন্ধ রেখে রাতের আঁধারে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে জন ঘরামী। অথচ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে বিসিসির রোড ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। রাতের আঁধারে ভবন নির্মাণ কাজ শুরু করেছে শুনেছি, তবে রাতে তাৎক্ষণিকভাবে কিছু করতে পারছি না কালকে (আজ) ব্যবস্থা গ্রহণ করবো।