কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নান্নুর ইন্তেকাল, শোক

July 19 2026, 22:48

১১

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপি’র মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষী রেখে গিয়েছেন।

বিএনপি’র মিডিয়া সেল জানায়, ভোর ৬টায় জাকির হোসেন নান্নুর লাশ ঢাকা থেকে বরিশালে তার নিজ বাড়িতে নেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাকির হোসেন নান্নুর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে, তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক কাটিয়ে উঠবার শক্তি দান করেন।’
এছাড়াও, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা নান্নুকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তার এই আকস্মিক মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।’নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-৫ আসনের এমপি অ্যাড মোঃ মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড বিলকিস আক্তার জাহান শিরীন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।