মাদকবিরোধী অভিযানে সাফল্য

পটুয়াখালীর শ্রেষ্ঠ ওসি মহিপুরের শামীম হাওলাদার

November 26 2026, 19:17

৩৩
মহিপুর প্রতিনিধি : মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার। একই থানার উপপরিদর্শক (এসআই) জহিরও মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন।
সেপ্টেম্বর মাসের পেশাগত কর্মদক্ষতা ও সামগ্রিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। বুধবার (২৬ নভেম্বর) পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে মহিপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় ওসি শামীম হাওলাদারকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসআই জহির পুরস্কার পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্ত এসআই জহির বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করছেন। মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ওসি মো. শামীম হাওলাদার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে মহিপুর থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে এ স্বীকৃতি পাওয়ায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। এ অর্জন থানার সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানান ওসি।
একই থানার দুই পুলিশ কর্মকর্তার পুরস্কারপ্রাপ্তিতে মহিপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন ব্যক্তিরা মনে করছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইন প্রয়োগ অব্যাহত থাকলে উপকূলীয় জনপদে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।