বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
June 25 2025, 01:34
স্টাফ রিপোর্টার : সংবাদ প্রকাশের জেরধরে হত্যার উদ্দেশ্যে খান মাইনউদ্দিন নামের এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষ অবস্থায় আহত সাংবাদিককে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রির্পোট লেখার সময় (মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটা) গুরুত্বর আহত সাংবাদিক খান মাইনউদ্দিন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
আহত সাংবাদিকের স্বজনরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খান মাইনউদ্দিনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত নয়টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামের নিজ বাড়ির সন্নিকটে বসে আকস্মিকভাবে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক খান মাইনউদ্দিনের মাথায় এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার (মাইনউদ্দিন) ঘনিষ্ঠ সহকর্মীরা জানিয়েছেন, অতিসম্প্রতি নলছিটিতে কালভার্ট নির্মানে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর একটি মহল চরম ক্ষুব্ধ ছিলো। ধারণা করা হচ্ছে, ওই মহলটি এ হামলা চালিয়েছে।
অপরদিকে সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতী দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাসান সহ বরিশালের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা।










































