মঠবাড়িয়ায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা: উচ্ছেদে গড়িমসি, চরম ভোগান্তিতে জনসাধারণ

February 01 2026, 19:37

১১

মঠবাড়িয়া প্রতিনিধি : ‎পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। মহাসড়কের দু’পাশে এসব অবৈধ স্থাপনা থাকায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ (সওজ) বিভাগ থেকে একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ইতি পূর্বে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার চাপ ও হস্তক্ষেপের কারণে প্রশাসন উচ্ছেদ কার্যক্রমে এগোতে পারছে না।

‎ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুটোই বাড়িয়ে দিচ্ছে। ‎ভুক্তভোগী ড্রাইভার মো. সোহেল বলেন, ‎“ঝাউতলা বাজার এলাকায় সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার কারণে গাড়ি চালাতে মারাত্মক সমস্যায় পড়তে হয়।

রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে, সামান্য অসাবধানতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। নোটিশ দেওয়া হলেও উচ্ছেদ না হওয়ায় আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছি।” ‎পথচারী মিরাজ হোসেন বলেন, ‎“সরকারি জায়গা দখল করে দোকানপাট বসানোর কারণে ফুটপাত দিয়ে হাঁটার কোনো সুযোগ নেই।

বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়েই চলাচল করতে হয়। প্রশাসনের কাছে আমাদের দাবি, প্রভাবশালীদের চাপ উপেক্ষা করে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক।” ‎এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‎“ব্রিজ নির্মাণের সময় আমরা একবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

ভবিষ্যতে আমাদের প্রয়োজন হলে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।” ‎এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, অবৈধ স্থাপনা উচ্ছেদে গড়িমসি অব্যাহত থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।