লালমোহনে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

June 21 2025, 21:25

৪

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মুরগির খামারে শিয়াল মারা জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শে মো. নূরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা। নিহত বৃদ্ধের ছেলে মো. জসিম জানান, শনিবার ভোরে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যায় তার বৃদ্ধ বাবা নূরুল ইসলাম।

এর কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে দেখেন প্রতিবেশী ইরফানের মুরগির খামারের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি মাটিতে পড়ে আছেন। পরে তিনি ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

এ সময় লোকজনের ডাক চিৎকার শুনে খামার মালিক ইরফান বিদ্যুতের লাইন বন্ধ করে তার সরিয়ে ফেলেন। ইরফান নামে ওই খামারি শিয়াল থেকে তার মুরগি রক্ষা করতে খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রেখেছিলেন।

এই তার সরাতে তাকে বহুবার বলা হয়েছে, তবুও তিনি তার সরায়নি। ইরফানের অবহেলার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে দাবি করেন জসিম উদ্দিন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান,

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।