এক বছরে ৭৮২টি প্লানের মধ্যে ৪৪৩টির অনুমোদন

প্লানবিহীন ভবন নির্মাণের হিড়িক, ঝুঁকিতে নগরবাসী

August 27 2025, 21:50

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

১৩

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশাল নগরীতে প্লানবিহীন ভবন নির্মাণের হিড়িক পড়েছে। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) জটিল নকশা অনুমোদন প্রক্রিয়া ও কর্মকর্তাদের সঙ্গে আতাতের মাধ্যমে অনেকে প্লান ছাড়াই ভবন নির্মাণ করছেন। বিশেষ করে নগরীর বর্ধিত এলাকায় এ প্রবণতা বেশি। ফলে অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়ছে ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীর প্রায় ১০ লাখ বাসিন্দা।

নগরীর ৩, ৫, ৬, ৭, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, নকশা ছাড়া ভবন নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। কেউ রাজনৈতিক নেতা বা বিসিসি কর্মকর্তাদের দোহাই দিয়ে, আবার কেউ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে এ কাজ করছেন। বিসিসি’র নকশা অনুমোদনে বিলম্বের কারণে অনেকে প্লানের অপেক্ষা না করে নির্মাণকাজ শুরু করছেন।

বিসিসি সূত্রে জানা গেছে, গত এক বছরে ৭৮২টি ভবনের প্লানের আবেদন জমা পড়ে, যার মধ্যে ৪৪৩টির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর ৯২টি আবেদনের মধ্যে ৫০টি, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ৯৫টির মধ্যে ৪৫টি, ২৭ ফেব্রুয়ারি ৭৫টির মধ্যে ৫টি, ২৫ মার্চ ১২০টির মধ্যে ৬৮টি এবং ১১ আগস্ট ৪০০টির মধ্যে ২৭৬টি প্লান অনুমোদিত হয়। বাকিদের পূর্ণাঙ্গ কাগজপত্রসহ পুনরায় আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের আহম্মেদ মোল্লা সড়কে সোহেল, এ-অহেদ সড়কে কুদ্দুস হাওলাদার, ইদ্রিস হাওলাদার, মন্নাফ খান, ধান গবেষণা রোডে আনিচুর রহমান, জহির, মুজাম্মেল এবং খান বাড়ির জাহাঙ্গীরের বিরুদ্ধে প্লানবিহীন ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় বাবুল একতলার ছাদ সম্পন্ন করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন। ২৮ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ি সড়কের মোড়ে রাস্তার ওপর প্লানবিহীন ভবন নির্মাণের অভিযোগও উঠেছে।

বরিশাল সিটি করপোরেশন উচ্ছেদ শাখা জানিয়েছেন, চলতি মাসে ২১ টি অভিযোগ পড়েছে। এর মধ্যে প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পাঁচটি। বিসিসি’র উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস বলেন, প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ এলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ভবনের প্লান পাসের আবেদন যাচাই-বাছাই করে প্রতি মাসেই ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। আর প্লান বর্হিভূত ভবন নির্মাণ করলে সিটি করপোরেশনের প্রচলিত বিধান মতে জরিমানা ও ভেঙ্গে দেয়া হয়। এক্ষেত্রে কেউ অবৈধভাবে ভবন নির্মাণ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।