তিন বর্গকিলোমিটারজুড়ে প্যান্ডেল

শুক্রবার শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল

November 26 2026, 18:50

২

নিজস্ব প্রতিবেদক : দেশের তাসাউফ চর্চার ঐতিহাসিক ধারার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু হচ্ছে শুক্রবার (২৭ নভেম্বর)। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গণে বাদজুমা পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

প্রায় এক শতাব্দী ধরে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তাসাউফ চর্চা, আত্মশুদ্ধি ও ইসলামী জীবনবোধের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।

আয়োজক সূত্রে জানা গেছে, সাড়ে তিন দিনের এ মাহফিলে মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও আখেরি বয়ানসহ চারটি বয়ান পেশ করবেন আমীরুল মুজাহিদীন ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রধান বাকি তিনটি বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

এদিকে মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ইস্তেঞ্জা ও অজুর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনে ফায়ার সার্ভিসের দলও অবস্থান করবে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

মাহফিল মিডিয়া কমিটির সদস্য হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ নিউজ বরিশালকে জানান, মাহফিলের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ইস্তেঞ্জা ও অজুর ব্যবস্থা, যানবাহন পার্কিং এবং সার্বিক নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হবে চরমোনাইর ঐতিহ্যবাহী এ মাহফিল।