বরিশালে অস্ত্র, মাদক ও নগদ ২০ লক্ষাধিক টাকাসহ নারী গ্রেপ্তার
November 08 2025, 12:58
স্টাফ রিপোর্টার॥ বরিশালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের স্বামী পলাতক রয়েছে। শনিবার দুপুরে বিএমপি পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএমপি মিডিয়া সেল জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম ও টহল ডিউটিতে নিয়োজিত মোবাইল-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮)–এর একতলা টিনসেট বাড়ি থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকেই শিল্পি বেগমকে আটক করে।
এ ঘটনায় শিল্পির স্বামী মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি’র এক কর্মকর্তা জানান, কাউনিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।










































