বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী, আজ পরীক্ষা শুরু

April 10 2025, 00:42

১৩

স্টাফ রিপোর্টার : সারাদেশের সাথে একযোগে আজ বৃহস্পতিবার থেকে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও জানিয়েছেন, এবার বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ৩৯ হাজার ৩৩৫ জন ছাত্র এবং ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ইতোমধ্যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্রসহ সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পাশাপাশি কেন্দ্রের বেঞ্চে সিট নম্বরও বসানো হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য নগরীসহ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে গণবিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের দুইশ’ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

একইসাথে পরীক্ষা চলাকালীন আগামী ১৩ মে পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।