স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে বিএম কলেজ, রাতে মশাল মিছিল, গণঅনশনের ডাক রনির

August 14 2025, 01:00

১৩

স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে  শহরে দাঁড়িয়েছে বিএম কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি স্বাস্থ্যখাত সংস্কার ‍আন্দোলনে জনভোগান্তি হলে প্রতিরোধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের বড় একটা অংশ। বুধবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে ঘোষণা দিয়ে এ সিদ্ধান্ত জানান।

বিএম কলেজের শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া বলেন, “বর্তমানে আন্দোলন পরিচালনার ধরণ এবং দীর্ঘ আন্দোলনে মানুষের জনজীবনে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষের আশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা শিক্ষার্থীরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি, ৩০ কার্যদিবসের জন্য আন্দোলন স্থগিত করা হবে। এটি ছাত্র-জনতার সম্মিলিত সিদ্ধান্ত। তবে মহিউদ্দিন রনি যদি ব্যক্তিগত সিদ্ধান্তে গণঅনশন চালিয়ে যান, সেটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।”

অপর এক শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, “স্বাস্থ্য উপদেষ্টার পাঠানো প্রতিনিধি দলের এবং মেডিকেলের পরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে ৩০ কার্য দিবস সময় বেধে দিয়ে আন্দোলন স্থগিত করেছি। আমরা আশা করি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করবেন এবং মেডিকেলের সকল সিন্ডিকেট ও দালালদের নির্মূল করতে সক্ষম হবেন। যদি এর ব্যত্যয় ঘটলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।”

অপরদিকে বুধবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে  মত বিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে অযৌক্তিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেয়ার বক্তব্যের প্রতিবাদে রাত সাড়ে ৯ টায় সদর রোডে প্রতিবাদ ও মশাল মিছিল বের করে আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি।

এ সময় রনি বলেন, স্বাস্থ্যের ডিজির মতবিনিময় সভায় আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এবং কোনো ধরনের সমঝোতা হয়নি। চলমান বরিশাল ব্লকেডের পাশাপাশি নতুন করে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন তিনি।