আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা
মার্চ ২৮ ২০২৬, ১৯:২৯
বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে আওয়ামী লীগের সদস্য মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন শ্রমিক দলের এক নেতা। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়েছে। মো. নুরে আলম বেপারী উপজেলার কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, ২৬ মার্চ রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতা নুরে আলম বেপারীর ছবি ব্যবহার করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়। ওই পোস্টে তিনি নুরে আলম বেপারীকে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও দেখতে চান বলে লেখেন।
এ বিষয় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন বলেন, কোনো পদধারী নেতা এ ধরনের মন্তব্য বা ফেসবুক পোস্ট দিতে পারেন না। এটি সম্পূর্ণ সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে আইডি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওই আইডিটি শ্রমিক দলের নেতার সঠিক হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এ বিষয়ে জানতে কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।










































