হিজলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
অক্টোবর ০৬ ২০২৬, ২১:৩০
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার, (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুরের কৃষ্ণপুর গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা বেগম ওই গ্রামের বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী ও এক সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খাদিজাকে বসতঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার শাশুড়ি ও জা।
পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঔই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।










































