সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু আর নেই

এপ্রিল ২৩ ২০২৬, ০২:৪৪

স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য গাজী আক্তারুজ্জামান হিরু আর নেই। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দিবাগত রাত (২৩ এপ্রিল) ১.৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়।

গাজী আক্তারুজ্জামান হিরু বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে টানা তিনবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সাধারণ মানুষের কাছে ছিলেন একজন জনপ্রিয় ও সহজপ্রাপ্য জনপ্রতিনিধি।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ যোহর অনুষ্ঠিত হবে।