সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ ঘোষণা

November 26 2026, 22:11

২৯

নিজস্ব প্রতিবেদক : বরখাস্তকৃত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের পৈতৃক বাসভবনের সামনে ব্যানার টাঙিয়ে বাড়িটিকে ‘খুনির বাড়ি’ হিসেবে ঘোষণা করেছে ছাত্র-জনতা ও গুমের শিকার পরিবারগুলো। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরের বৈদ্যপাড়া (কলেজ রোড সংলগ্ন নাসির উদ্দিন সড়ক) এলাকার ‘তহুরা মঞ্জিল’ নামের ওই ভবনের মূল ফটক ও দেয়ালে ব্যানার টাঙিয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, তিনতলা বাসভবনটির মূল ফটকের বাম পাশে লাল অক্ষরে লেখা ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ এবং ডান পাশে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ শিরোনামে দুটি বড় ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া সীমানা প্রাচীরে টাঙানো অপর একটি ব্যানারে ২০১২ সালে বরিশালে ছাত্রদলের দুই সহোদর নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুম করার ঘটনা উল্লেখ করে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

পরে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচিতে গুম হওয়া ব্যক্তিদের স্বজন এবং স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, র‌্যাবে কর্মরত থাকাকালে জিয়াউল আহসান অসংখ্য মানুষকে গুম ও গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে অমানবিক নির্যাতন এবং হত্যা করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারের প্রসঙ্গ টেনে বক্তারা জনসম্মুখে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ লোক ওই বাসভবনটিতে ভাঙচুর ও নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগ করেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে বসবাসরত জিয়াউল আহসানের ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।