উপকূলীয় ট্যুরিজমে নতুন দিগন্ত: বরিশালে চন্দ্রদ্বীপ রিভার ক্রুজের উদ্বোধন

মার্চ ০৫ ২০২৬, ১৮:০৬

স্টাফ রিপোর্টার : উপকূলীয় পর্যটনের বিকাশে বরিশালে যাত্রা শুরু করেছে বিলাসবহুল ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’। বৃহস্পতিবার (৫ মার্চ ) সকালে বরিশাল নগরীর ৩০ গোডাউন সংলগ্ন জেটি ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ রিভার ক্রুজের উদ্বোধন করা হয়। ক্রুজটির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক কৃষিবিদ মোসাম্মৎ মরিয়ম এবং বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস অতিথি টুরিজম সার্ভিসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

রিভার ক্রুজ ও টুরিজম প্যাকেজ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. কামাল হাসান।

প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি রোমান ইমতিয়াজ তুষার, পিকেএসএফের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার ডা. ইরফান আলী, সেন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, নদী-নালা ও খালে ঘেরা বরিশালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা পরিবেশের ক্ষতি না করে বিষমুক্ত খাবার পরিবেশন এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে টুরিজম সার্ভিস পরিচালনার আহ্বান জানান। আয়োজকরা জানান, বরিশাল বিভাগে এ ধরনের বিলাসবহুল রিভার ক্রুজ উদ্যোগ এটিই প্রথম, যা উপকূলীয় পর্যটন শিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে।