মূল্যায়নের দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ
এপ্রিল ০৯ ২০২৬, ১৮:৫৩
স্টাফ রিপোর্টার : ত্যাগী ও রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বরিশাল মহানগর ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, প্রস্তাবিত কমিটিতে বিবাহিত ও অছাত্রদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।
তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের উপেক্ষা করে সুবিধাবাদীদের দিয়ে কমিটি গঠন করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এর আগে নেতাকর্মীরা নগরীর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে এসে টাউন হলের সামনে অবস্থান নেয়। পরে সেখানে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।










































