বরিশাল নগরীতে জলাবদ্ধতা

এপ্রিল ২৯ ২০২৬, ২০:২৯

স্টাফ রিপোর্টার : সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার পর থেকে কখনও ভারী আবার কখনও মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে।

এতে বরিশাল শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চলাচলে দুর্ভোগে হচ্ছে নগরবাসীকে। তবে এ ধরনের দুর্ভোগে অভ্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।

গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।

তার মধ্যে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের।

নগরবাসীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। এ জন্য পূর্বের প্রশাসক বিভাগীয় কমিশনার ড্রেন পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করলে কিছুটা স্বস্তি মিলে।

পূর্বে যেসব এলাকায় হাঁটু সমান পানি হতো তা সামান্য কমেছে। তবে জোয়ারের সময় কীর্তনখোলা নদীর পানি ড্রেন দিয়ে নগরীতে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

আবার অতিরিক্ত বৃষ্টিতে ড্রেন ভরে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি করছে। ওই সময় নদীর পানিও বৃদ্ধি পাওয়ায় পানি নামার জায়গা না থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিবছর।

বরিশালের আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারী মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।