ছাত্রলীগ সংশ্লিষ্টদের নিয়ে ববি ছাত্রদলের কমিটি প্রকাশ
মে ০৩ ২০২৬, ১৯:০৮
ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ও যুগ্মসম্পাদক সহ একাধিক ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদায়ন করা হয়েছে। বিষয়টি নিয়ে স্বয়ং ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। গত শুক্রবার (১মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১২৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ একাধিক পদে ছাত্রলীগ সংশ্লিষ্টদের রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
খোঁজ নিয়ে জানা গেছে, কমপক্ষে ২০-২৫ জন ছাত্রলীগের সক্রীয় কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এনিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে স্বয়ং ছাত্রদলের মধ্যেই। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, আমরা জানিও না এতসংখ্যক ছাত্রলীগের সক্রিয় কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি প্রকাশ হবে। ছাত্রদলের ত্যাগী এসব নেতা হাতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের সংশ্লিষ্টদের নিয়ে কমিটি প্রকাশ করায়। অভিযোগকারীদের তথ্য অনুযায়ী ছাত্রদলের নতুন কমিটি ও বিগতদিনের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
জুলাই আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে আটকানোর পর দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে বের করে নেয়ার অভিযুক্তরাও স্থান পেয়েছে ছাত্রদলের কমিটিতে। কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন, ৪নং সহসভাপতি মিঞা বাবুল, ৩ নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ২২ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, ১১নং যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, ১২ নং যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইমরান, ২০ নং যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ নুর কাফি, ৫ নং সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকভীর সিয়াম, ৯নং সহ সাংগঠনিক সম্পাদক প্রিতম দাস, ১০ নং সহ সাংগঠনিক সম্পাদক বর্ণ বরন সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর।
ছাত্রলীগ সংশ্লিদের নিয়ে ছাত্রদলের কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, আপনি যে ৮-১০ জনের কথা বলছেন, ছাত্রলীগ সংশ্লিষ্টতার সংখ্যাটা আরো বেশি হবে। এই কমিটিতে অনেক গুলো ইস্যুজ আছে। এখানে সিনিয়র -জুনিয়র মেনটেইন করা হয়নি এবং এই কমিটি প্রকাশে ববির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নেয়া হয়নি এবং যোগাযোগও করা হয়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত টিম কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তারেক হাসান কমিটিতে ছাত্রলীগের সংশ্লিষ্টদের পদায়নের বিষয়ে বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাদের অবদান ছিলো কিন্তু পূর্বে অন্যরাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলো এবং যাদের নিয়ে বিতর্ক নেই তাদেরকে রাখা হয়েছে কমিটিতে। কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা ও সিনিয়র জুনিয়রদের মেইনটেইন না করার বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারিরসাথে পরামর্শ করে কমিটি দেয়া হয়েছে এখানে নতুন করে কোনো বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তিনি।









































