অ্যাড. নেগাবান মন্টুর মৃত্যুতে নিউজ বরিশাল পরিবারের গভীর শোক প্রকাশ
মে ১০ ২০২৬, ০০:০৪
স্টাফ রিপোর্টার : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “নিউজ বরিশাল”-এর আইন উপদেষ্টা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী ও সাংবাদিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও শূন্যতা প্রকাশ করেছেন নিউজ বরিশাল পরিবারের সদস্যরা।
শনিবার এক শোকবার্তায় নিউজ বরিশালের সম্পাদক এস.এম কাওসার হোসেন, সাহিত্য সম্পাদক কমল সেন গুপ্ত, উপদেষ্টা তালুকদার মো. সোহেল, সাংবাদিক ফাহিম ফিরোজ, স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, কেএম সাদ্দাম হোসেনসহ পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ছিলেন একজন নির্লোভ, সৎ, আদর্শবান ও মানবিক মানুষ। সাংবাদিকতা, আইন অঙ্গন এবং সামাজিক কর্মকাণ্ডে তার অবদান বরিশালবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন আইনজীবী বা সাংবাদিক সংগঠক ছিলেন না, ছিলেন অসংখ্য মানুষের আশ্রয়স্থল, পরামর্শদাতা ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব।
তারা আরও বলেন, মন্টু ভাইয়ের মতো বিনয়ী, সাহসী ও নীতিবান মানুষ আজকের সমাজে সত্যিই বিরল। তার প্রজ্ঞা, নেতৃত্ব, আন্তরিকতা ও মানবিক আচরণ সবসময় সবাইকে অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে বরিশাল হারালো একজন গুণী মানুষকে, আর আমরা হারালাম একজন অভিভাবককে।
শোকবার্তার শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলা হয়, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।









































