তথ্যমন্ত্রীর কাছে বিএএসপির তিন দফা দাবি
আগস্ট ১৯ ২০২৬, ১৯:২১
স্টাফ রিপোর্টার : আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে বিজ্ঞাপন নীতিমালা সংশোধনসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এসব দাবি পেশ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না।” গণমাধ্যম সরকারের ভুল-ত্রুটি তুলে ধরবে এবং একই সঙ্গে সরকারের ভালো দিকগুলোও জনগণের সামনে তুলে ধরবে।
তিনি বলেন, কোনো মহল বা গোষ্ঠীর প্রভাবে গণমাধ্যম যেন সরকারের বিরুদ্ধে নেতিবাচক বার্তা প্রচারের মাধ্যমে রাষ্ট্রকে দূষিত করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের সজাগ থাকতে হবে। স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্রকে সঠিক জায়গায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের জন্য একটি নীতিমালা থাকা অনিবার্য। এ নীতিমালার কাঠামো প্রণয়নে ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। গণমাধ্যমের সব স্তরের নেতৃবৃন্দের মতামতকে গুরুত্ব দিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি) সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের মহাসচিব জাফর আহমেদ, সহ-সভাপতি শওকত হোসেন, গোলাম কিবরিয়া, মাহবুবুর রহমান ও শামসুল আলম খান, যুগ্ম-মহাসচিব মোবিনুল ইসলাম মবিন, আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় বক্তারা আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমান বিজ্ঞাপন নীতিমালা সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থানীয় সংবাদপত্রগুলোতে ন্যায্যভাবে বণ্টন করা না হলে দেশের প্রান্তিক পর্যায়ের গণমাধ্যমগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
বিএএসপির তিন দফা দাবি
১. স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রদান:
মিডিয়া তালিকাভুক্ত মফস্বলের পত্রিকায় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় পর্যায়ের কমপক্ষে দুটি পত্রিকায় প্রদান করতে হবে।
২. বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ:
বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ন্যূনতম ১ হাজার টাকা পুনর্নির্ধারণ করতে হবে।
৩. বিজ্ঞাপন নীতিমালায় অসামঞ্জস্য দূরীকরণ:
বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে পিপিআর-২০০৩ এবং ‘বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা-২০০৮’-এর ২ নম্বর ধারার (ঙ) উপধারা ও ৩ নম্বর ধারায় জাতীয় ও স্থানীয় পত্রিকার ক্ষেত্রে ব্যবহৃত বৈপরীত্যপূর্ণ ভাষা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে।
বিএএসপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন হলে দেশের আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রগুলো আর্থিক সংকট কাটিয়ে উঠে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে।









































