গৌরনদীতে খালে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

August 21 2025, 19:06

১১

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে পালরদী খালে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া গৃহবধূ উম্মে হানিয়া বিথীর (৩৫) মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বিথী গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের প্রবাসী রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিথীর পরিবারের বরাতে বিপুল হোসেন জানান, বুধবার সকালে বিথী তার বাবার বাড়ি থেকে বের হয়ে পালরদী খালে গোসল করতে যান। এ সময় তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং দুপুর ১টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।