বরিশালের নদীতে চাঁদাবাজি: নৌ-পুলিশের অভিযানে আটক ৩

June 01 2025, 18:51

৯

স্টাফ রিপোর্টার : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ। রবিবার (১ জুন) দুপুর আনুমানিক এক টার সময় উপজেলার মেঘনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হানিফ খান (২৬), আকবর মাঝি (৩৯), খোকন মাঝি (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নদীপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ ও ট্রলারের মালিক ও মাঝিদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। রবিবার দুপুরে তারা একাধিক জাহাজে চাঁদাবাজির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ অয়াহিদুজ্জামান। অভিযানে তাদের কাছ নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এই বিষয়ে হিজলা নৌ-পুলিশ ইনচার্জ বলেন, “নদীপথকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের চাঁদাবাজি বা অপরাধ মেনে নেওয়া হবে না।” এ ঘটনায় নদীপথে চলাচলকারী জাহাজ মালিক ও মাঝিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।