হাতকড়া নিয়ে পালানো দুই মাদক সেবী ফের গ্রেফতার
May 21 2025, 23:17
স্টাফ রিপোর্টার : অবশেষে শেষ রক্ষা হলোনা পুলিশের হান্ডকাফসহ পালানো দুই মাদক সেবীর। টানা আট ঘন্টা বরিশাল নগর গোয়েন্দা পুলিশ ও কাউনিয়া থানা পুলিশ বিভিন্নস্থানে যৌথ অভিযান চালিয়ে হান্ডকাফসহ পালানো মাদক সেবী মিরাজ ও রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
আজ বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।
সূত্রমতে, এরপূর্বে বুধবার দুপুরে নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে পাঁচ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়।
এসময় কৌশলে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মিরাজ ও রাসেল নামের দুই মাদক সেবী পালিয়ে যায়।
অপর আটক হওয়া তিন মাদক সেবীরা হলো, নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আল-আমিন খন্দকার রাজু।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, অভিযান চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া দুই মাদকসেবীকে আটকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।










































