২২ দিনের নিষেধাজ্ঞায় জেলে পল্লীতে নীরবতা, নজরদারিতে ড্রোন
October 03 2025, 23:40
মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি : মা ইলিশ রক্ষায় শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ফলে ভোলার ইলিশ পল্লীগুলোতে নেমে এসেছে নীরবতা।
স্থানীয় জেলেরা জানান, নদীতে ইলিশের পরিমাণ আগেই কমে গিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে শিকারেও যেতে পারেননি তারা। এর মধ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা যেন “মরার ওপর খাঁড়ার ঘা”।
রাজাপুর ইউনিয়নের জেলে আকতার মাঝি বলেন, “নদীতে মাছ নাই। ধার করে খাই। এখন নিষেধাজ্ঞা দিয়া তো আমরা আরও বিপদে।”আরেক জেলে ফোরকান মাঝি বলেন, “প্রতি বছর ঠিকমতো খাদ্য সহায়তা পাই না। শুধু ২৫ কেজি চাল দিয়ে হয় না, অন্তত ৮০ কেজি দিলে বাঁচি।”
ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. আল মামুন বলেন, “জেলেদের বাঁচাতে হলে শুধু নিষেধাজ্ঞার সময় নয়, সারা বছর টেকসই ব্যবস্থা নিতে হবে।”
এদিকে এবার প্রথমবারের মতো ড্রোনে নজরদারি চালানো হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। নদীতে কার্যকর তদারকির জন্য এবার ড্রোন ব্যবহার করা হচ্ছে।” হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, “আমাদের এলাকায় চারটি ড্রোন ব্যবহার হবে, নৌ-পুলিশও থাকবে মাঠে।”
সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের ৩৭ জেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি চালসহ ডাল, তেল, লবণ ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
মৎস্য অধিদপ্তর জানায়, পাঁচটি অভয়াশ্রমের ২৩ উপজেলার ৪০ হাজার জেলে প্রকল্পভুক্ত। তাদের জন্য বিশেষ খাদ্য সহায়তাও রাখা হয়েছে।










































