এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, বিচার বিভাগীয় তদন্ত দাবি

November 28 2026, 18:48

৩৭
আমতলী প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ গোপন, ভুক্তভোগীর বক্তব্য বিকৃত এবং আসামি পক্ষের স্বার্থরক্ষায় মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশের দাখিল করা ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তদন্ত কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা এবং আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী শিশুটির মা ফাতিমা জোমাদ্দার অর্পা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ফাতিমা জোমাদ্দার অর্পা জানান, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি রক্ষা পেলেও পেছনে থাকা পাঁচ বছর বয়সী মেয়ে জাইমার হাত, বুক ও পা এসিডে দগ্ধ হয়।
মামলার তদন্তে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ফাতিমা বলেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা না করেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ভুক্তভোগীর বক্তব্য সরাসরি গ্রহণ না করে তাঁর নামে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে গ্রহণ না করে আসামি, তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের একতরফা বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এমনকি বাড়ির মালিক সাক্ষী হাওয়া বেগমের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, কোনো সাক্ষ্য বা চিকিৎসা প্রতিবেদনে সমর্থন না থাকা সত্ত্বেও এসিডের পরিবর্তে আচিল পরিষ্কারের পাউডার হাতে পড়ার তথ্য প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। জমির দলিল ও খতিয়ান যাচাই না করেই জমির মালিকানা সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মামলা রুজু করতে বিলম্ব এবং মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাতেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানান তিনি।
ফাতিমা জোমাদ্দার অর্পার অভিযোগ, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর মেয়েকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাক্ষীদেরও হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি রয়েছে। অথচ তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে এসব গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেছেন।
তিনি বলেন, পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে তাঁদের গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাই পুলিশের অন্য কোনো ইউনিট দিয়ে নয়, আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং শিশুসহ পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ফাতিমার আকুতি, ‘আমি কারও প্রতিশোধ চাই না, শুধু আমার শিশুকন্যার ন্যায়বিচার চাই। একটি শিশুর শরীরে এসিডের আঘাতের বিচার যদি তদন্তের অনিয়মের কারণে ধামাচাপা পড়ে, তাহলে একজন অসহায় মা কোথায় বিচার চাইবেন?’