কমিটি গঠনের চার দিনের মাথায় নাজিরপুর শ্রমিক দলের আহ্বায়কের পদত্যাগ

November 28 2026, 18:32

৩৫
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এম. মনিরুজ্জামান সরদার (মনির)। কমিটি গঠনের মাত্র চার দিনের মাথায় শুক্রবার (২৭ নভেম্বর) জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। বিতর্কিত কমিটিতে থাকতে চান না এবং পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
‎
‎দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপুর স্বাক্ষরে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আগের কমিটি বিলুপ্ত করে চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে এম. মনিরুজ্জামান সরদারকে আহ্বায়ক করা হয়।
‎
‎কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সদস্যসচিব মো. শহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম (মিন্টু) এবং সম্মানিত সদস্য মো. শোভন তালুকদার। অনুমোদনপত্রে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
‎
‎তবে কমিটি ঘোষণার পরই এ নিয়ে আপত্তি ওঠে। উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা শ্রমিক দলের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এর চার দিনের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নেন মনিরুজ্জামান।
‎
‎পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। তাই এই বিতর্কিত কমিটির আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।’ একই সঙ্গে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
‎
‎পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মনিরুজ্জামান সরদার বলেন, উপজেলা বিএনপি তাঁকে নিয়ে জেলা শ্রমিক দলের কাছে চিঠি দিয়েছে। দীর্ঘদিন এলাকায় ছিলেন না—এমন বিতর্কিত অভিযোগ তুলে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপিসহ শ্রমিক দলের কয়েকজন নেতার বিরূপ প্রতিক্রিয়া ছিল। তাই এ পদে থাকা সমীচীন মনে করেননি তিনি।
‎
‎নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান বলেন, ‘হ্যাঁ, আমরা জেলা শ্রমিক দলের কাছে লিখিত দিয়েছি। ওনার অনুপস্থিতি ছিল দীর্ঘদিন। উপজেলা বিএনপির সঙ্গে পরামর্শ না করে কমিটি দেওয়ায় ওনার বিরুদ্ধে জেলা শ্রমিক দলের কাছে লিখিত আবেদন করেছি।’
‎
‎এ বিষয়ে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, ‘আমি এ বিষয়ে এখনো কিছু শুনিনি।’